ঢাকাWednesday , 28 May 2025

বিশ্ব নেতাদের স্ত্রীদের সঙ্গে যা ঘটে থাকে

Link Copied!

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন কি থাপ্পড় খেলেন স্ত্রী’র হাতে? একটি ভিডিওর প্রেক্ষিতে এমনই প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা গেছে বিমানের দরজা খুলে গেল। হাসিমুখে দরজার সামনে এসে দাঁড়ালেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। নামার আগে পাশের দিকে হাত বাড়িয়ে দিলেন। কিন্তু আচমকাই বিমানের দরজার আড়াল থেকে লাল পোশাক পরিহিত হাত ধেয়ে এল তার মুখ লক্ষ্য করে। আকস্মিক এই কাণ্ডে ভ্যাবাচ্যাকা খেয়ে যান মাক্রন। পরমুহূর্তে স্ত্রী ব্রিজিটের সঙ্গে নেমে আসেন বিমান থেকে। উল্লেখযোগ্য বিষয় হল, প্রেসিডেন্ট-পত্নীর পরনে তখন ছিল লাল পোশাক।

প্রেসিডেন্ট  হাত মেলান বিমানের দরজা খুলে দেয়া ব্যক্তির সঙ্গে। তা দেখে হাত বাড়িয়ে স্ত্রী’র জন্য অপেক্ষা করতে থাকেন ফরাসি প্রেসিডেন্ট। কিন্তু তার হাত ধরেননি ব্রিজিট। বরং পাশাপাশি দু’জনে হেঁটে যেতে থাকেন। দক্ষিণ-পূর্ব এশিয়ায় তাদের আনুষ্ঠানিক সফর শুরু করার সময় কয়েক সেকেন্ডের এই ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।  ভিডিও দেখে নেটিজেনদের একাংশ বলছেন যে, ফরাসি প্রেসিডেন্টকে নাকি থাপ্পড় মেরেছেন ব্রিজিট। প্রশ্ন ওঠে যে দু’জনের দাম্পত্য জীবনে কি কোনও সমস্যা চলছে? তা নিয়েই ঝামেলার জেরে কি এরকম পরিস্থিতি তৈরি হলো? তবে, তাদের মধ্যে বিভেদের যে কোনও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, ইমানুয়েল ম্যাক্রন ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পৌঁছে সেখানে  সাংবাদিকদের কাছে ব্যাখ্যা করেন ‘আমি আমার স্ত্রীর সাথে খুনসুটি  করছিলাম…আর  কিছুই নয়!’ তিনি আরও বলেন যে, এটিই প্রথমবার নয় সমালোচকরা তাদের সম্পর্ক নিয়ে বিতর্ক তৈরি করেছে। তবে ভিডিও দেখে একটি প্রশ্ন তো  উঠছেই : এই হাই-প্রোফাইল ফরাসি দম্পতির মধ্যে সবকিছু ঠিকঠাক আছে তো ?

এখানে এমন কিছু বিশ্ব নেতাদের নাম তুলে ধরা হলো যাদের সম্পর্ক সম্প্রতি শিরোনামে এসেছে:

শপথের  দিনে ডনাল্ড ট্রাম্প -মেলানিয়ার চুম্বন
২০২৫ সালে প্রেসিডেন্ট পদে ডনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের অনুষ্ঠানটি যদিও ঐতিহাসিক ছিল, তবুও সেদিন নজর কেড়েছিল ট্রাম্প পত্নী
মেলানিয়ার উপস্থিতি। প্যান্ট-স্যুট এবং চোখ ঢেকে রাখা টুপি পরে মেলানিয়া অভিষেক দিবসের অনুষ্ঠানে একটি দৃঢ় বক্তব্য রেখেছিলেন। কিন্তু মেলানিয়া যেভাবে তার স্বামী ডনাল্ড ট্রাম্পকে চুম্বন করতে গিয়েছিলেন তা মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল, কারণ তার বিশাল টুপিটি দুজনের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিল।

ঘটনাটি কেবল মানুষকে অবাক করেনি, বরং ট্রাম্প সাম্রাজ্যে  সবকিছু ঠিকঠাক আছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছিল। ডনাল্ড ট্রাম্প এবং মেলানিয়ার বিয়ে নিয়ে জনসাধারণের মধ্যে এই প্রথম কৌতূহল তৈরি হয়েছে তা নয়। এর আগে ক্যামেরায় ধরা পড়া কিছু ঘটনায়, নেটিজেনরা লক্ষ্য করেছেন যে, মেলানিয়া প্রায়শই একসাথে অফিসিয়াল ভ্রমণের সময়, হাঁটার সময় বা বিমান থেকে নামার সময় মার্কিন প্রেসিডেন্টের  হাত ঠেলে সরিয়ে দেয়ার চেষ্টা করেছেন।

মিশেল ওবামার অনুপস্থিতি, বারাক ওবামা একাই  উপস্থিত ছিলেন অনুষ্ঠানে

২০২৫ সালের শুরুর দিকে, এমন বেশ কয়েকটি অনুষ্ঠান হয়েছিল যেখানে সাবেক  মার্কিন প্রেসিডেন্ট  বারাক ওবামাকে একা উপস্থিত থাকতে দেখা গিয়েছিল এবং তার স্ত্রী মিশেল সেই অনুষ্ঠানগুলো একেবারেই এড়িয়ে গিয়েছিলেন।

তা সে সাবেক মার্কিন প্রেসিডেন্ট  জিমি কার্টারের শেষকৃত্যে যোগদান হোক বা ২০২৫ সালে ডনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান। ফলে ওবামার দাম্পত্য জীবনে বিচ্ছেদের  গুজব ছড়িয়ে পড়ে। তবে, কয়েক সপ্তাহ পরে-এই জনপ্রিয় দম্পতিকে আবার একসাথে দেখা গেছে।

১০ বছরের সঙ্গীর সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বিচ্ছেদ

২০২৩ সালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বিবাহবিচ্ছেদ একটি বিতর্কের জন্ম দেয় এবং পুরো ইউরোপ জুড়ে শিরোনামে আসে। তার দীর্ঘদিনের সঙ্গী, সাংবাদিক আন্দ্রেয়া গিয়ামব্রুনোর সাথে বিচ্ছেদ হয়ে যায় মেলোনির। ফাঁস হওয়া বেশ কয়েকটি ভিডিওতে গিয়ামব্রুনোকে অনুপযুক্ত এবং যৌনতাবাদী মন্তব্য করতে দেখা গেছে।

মেলোনি তার এবং তার মেয়ের মর্যাদা রক্ষার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করলেও, সমালোচক এবং সমর্থকরা উভয়ই বিচ্ছেদের রাজনৈতিক এবং ব্যক্তিগত প্রভাব নিয়ে বিতর্কে জড়িয়েছেন। কেউ কেউ বিবাহবিচ্ছেদকে ব্যক্তিগত মূল্যবোধের একটি সাহসী পদক্ষেপ  হিসাবে দেখেন, আবার এটিকে মিডিয়া স্টান্ট বলেছেন। এই ঘটনাটি  জনসাধারণের চোখে একজন নারী রাজনীতিবিদের অভ্যন্তরীণ চাপ সম্পর্কে বিস্তৃত আলোচনার জন্ম দিয়েছে।

ভ্লাদিমির পুতিনের রহস্যময় বিবাহবিচ্ছেদ এবং ব্যক্তিগত জীবন

২০১৩ সালে পুতিনের স্ত্রী লুডমিলার সাথে বিবাহবিচ্ছেদের কথা একটি ব্যালে ইন্টারভেনশনের সময় নীরবে ঘোষণা করা হয়েছিল। এরপর বহু বছর ধরে তাকে সাবেক অলিম্পিক জিমন্যাস্ট আলিনা কাবায়েভার সাথে সম্পৃক্ত করে নানা গুজব ছড়িয়ে পড়েছে।

ক্রেমলিন মুখ বন্ধ রাখলেও পুতিনের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা এখনও কৌতূহল এবং জল্পনা-কল্পনার জন্ম দিয়ে চলেছে।

সূত্র : টাইমস  অফ ইন্ডিয়া

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।