ঢাকাSunday , 8 February 2026

দু’দিনে ঢাকার ১৪ স্পটে তারেক রহমানের প্রচারণা

Link Copied!

ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে রাজধানীতে দুইদিনে ১৪টি স্পটে নির্বাচনী জনসভা করবেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। এরমধ্যে আজ ঢাকা মহানগর উত্তরের ৬টি এবং আগামীকাল সোমবার দক্ষিণের ৮টি স্থানে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। গতকাল রাজধানীর গুলশানে বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন এসব তথ্য জানান। মাহদী আমিন বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বিভিন্ন নির্বাচনী আসনে জনসভার বিষয়ে অবহিত করছি। রোববার তিনি ঢাকা মহানগর উত্তরের ৬টি নির্বাচনী আসনের জনসভায় যোগদান করবেন। ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নিজ নির্বাচনী এলাকায় ইসিবি চত্বরে দুপুর ২টায়, ঢাকা-১৬ আসনে আমিনুল হকের নির্বাচনী এলাকায় পল্লবী দুই নম্বর ওয়ার্ড লাল মাঠ তথা মেট্রোস্টেশনের পাশে দুপুর ২টা ৪০ মিনিটে বক্তব্য রাখবেন তারেক রহমান। এ ছাড়া ঢাকা-১৫ আসনে শফিকুল ইসলাম খান মিল্টনের নির্বাচনী এলাকায় মিরপুর-১০ নং গোল চত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতায় আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুপুর ৩টা ৩০ মিনিটে, ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলির নির্বাচনী এলাকা ন্যাশনাল বাঙলা উচ্চ বিদ্যালয় যেটি মিরপুর মডেল থানার বিপরীতে বিকাল ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজের নির্বাচনী এলাকায় শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকাল ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনে এম এ কাইয়ুমের নির্বাচনী এলাকায় বাড্ডার সাতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় তারেক রহমান বক্তব্য রাখবেন। মাহদী আমিন বলেন, সোমবার তারেক রহমান তার নিজের নির্বাচনী এলাকা এবং ঢাকা মহানগর দক্ষিণের ৭টিসহ মোট ৮টি নির্বাচনী জনসভায় যোগদান করবেন। ঢাকা-১৭ আসনে তার নিজের নির্বাচনী এলাকায় বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে সকাল ১১টায়, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলমের নির্বাচনী এলাকা কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের নির্বাচনী এলাকা পীর জঙ্গি মাজার রোডে দুপুর ১টায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান।
এ ছাড়াও ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ হাবিবের নির্বাচনী এলাকায় বাসাবো তরুণ সংঘ মাঠে দুপুর ২টায়, ঢাকা-৫ আসনে নবীউল্লাহ নবীর এলাকা যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে দুপুর ৩টায়, ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ রবিনের নির্বাচনী এলাকা জুরাইন-দয়াগঞ্জ রোডে বিকাল ৪টায়, ঢাকা-৬ আসনে ইশরাক হোসেনের নির্বাচনী এলাকা ধুপখোলা মাঠে বিকাল ৫টায় এবং ঢাকা-৭ আসনে হামিদুর রহমান হামিদের নির্বাচনী এলাকা লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায় নির্বাচনী জনসভায় যোগদান করবেন তারেক রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।